মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির এক নেতাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে অটোরিকশা মালিক সমিতির সদস্যরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতার ওপর হামলার অভিযোগের খবর ছড়িয়ে পড়লে সংগঠনের সদস্যরা দ্রুত একত্রিত হয়ে ফেরিঘাট সংলগ্ন মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা হামলার প্রতিবাদ এবং অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল ও যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে বাসশ্রমিক ও অটোরিকশা মালিক-চালকদের মধ্যে বিরোধ চলে আসছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্দিষ্ট সময়ে মহাসড়কে অটোরিকশা চলাচল ও যাত্রী পরিবহনের ওপর বিধিনিষেধ রয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাসমালিক গ্রুপের পক্ষে মোটরশ্রমিক ইউনিয়নের সদস্যরা একটি চেকপোস্ট পরিচালনা করে আসছেন।
অভিযোগ রয়েছে, এ চেকপোস্টকে কেন্দ্র করে অতীতেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা, উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস অভিযোগ করে বলেন, “প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরও মোটরশ্রমিক ইউনিয়নের কিছু সদস্য বিভিন্ন সময় আমাদের চালকদের হয়রানি করে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় সড়কে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে আমাকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদেই আমাদের সদস্যরা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন। আমরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
সংগঠনের সভাপতি আল মামুন বলেন, “মোটরশ্রমিক ইউনিয়নের কিছু সদস্য প্রায়ই অটোরিকশা চালকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। স্থানীয় সড়কে যাত্রী তুললেও তারা বাধা দেন। সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার না হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের মান্দা শাখার সহ-সভাপতি রুকনুজ্জামান গামা। তিনি বলেন, “প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এই নিয়ম অমান্য করে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মারধরের অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কের অবরোধ তুলে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, মহাসড়কে যানবাহন চলাচল এবং যাত্রী পরিবহনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। অন্যথায় এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার