রানা মাহমুদ নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী সদর উপজেলার ২ নম্বর দাদশী ইউনিয়নে একটি সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখের বিরুদ্ধে। এ ঘটনায় রাজবাড়ীর সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাদশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামের স্কুল মাঠ-ঈদগাহ থেকে জব্বারের বাড়ি পর্যন্ত ব্রিক ফ্ল্যাট সলিং সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার আপত্তি জানান। এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বারের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে আলোচনা শুরু হয়।
অভিযোগ রয়েছে, ওই ঘটনার তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হন ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল প্রায় ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান করছিলেন সংবাদকর্মী বাবলু শেখ। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে সেখানে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ ও তার কয়েকজন সহযোগী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংবাদকর্মীকে দেখেই চেয়ারম্যান উত্তেজিত হয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে সংবাদ প্রকাশের বিষয়টি উল্লেখ করে তিনি সংবাদকর্মীকে ভয়ভীতি প্রদর্শন, পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং ভবিষ্যতে 'পরিণতি ভোগ করতে হবে' বলে হুমকি দেন। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি ডি. এম. ফাইমুর রহমান এবং দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোর্শেদ আলম মালেক। তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা যায়।
পরবর্তীতে উপস্থিত সাংবাদিকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়কে মুঠোফোনে অবহিত করেন এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ ঘটনায় রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হুমকির শিকার সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সাংবাদিক মহলের মতে,দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশের কারণে সংবাদকর্মীদের হুমকি দেওয়া শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা মনে করেন,এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এবং সত্য প্রকাশের পরিবেশ সংকুচিত হয়ে পড়বে।
দ্রষ্টব্য:
,তাই সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ইউপি চেয়ারম্যান মো.দেলোয়ার শেখের বক্তব্যের জন্য উনার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। মোবাইল ফোনটি (+৮৮০১৭১৫০৬৫৭২৪/+8801715065724) বন্ধ পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার