জামাল উদ্দিন
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি মিনি পিকআপের তেলের ট্যাংকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টহল দল টেকনাফ থানার কেরুনতলী কালভার্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন মিনি পিকআপে তল্লাশি চালিয়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতর থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মিনি পিকআপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার