মোল্লা জাহাঙ্গীর আলম: খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২.৫ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম- পারভীন আক্তার (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাসস্ট্যান্ড সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে তাকে আটক করা হয়। তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে পুলিশ ১২.৫ কেজি গাঁজা উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই জানতে পারে যে কুমিল্লা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদক বহন করে এক নারী খুলনায় আসছে।
এই তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানার একটি বিশেষ দল বয়রা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করে। একপর্যায়ে কুমিল্লা থেকে আসা (বলেশ্বর পরিবহনের) একটি বাস সেখানে পৌঁছালে পুলিশ বাসে অভিযান চালায়।
পরে সন্দেহভাজন নারী যাত্রী পারভীন আক্তারের ব্যাগ তল্লাশি করে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো গাঁজার বড় চালানটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত পারভীন আক্তারের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বল্লভপুর এলাকায়। তার পিতার নাম তোতা মিয়া এবং স্বামীর নাম জাহাঙ্গীর আলম বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফ আইআর নম্বর-২৩ এবং জিআর নম্বর-১৪৬।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে এই মাদকের মূল উৎস কোথায় এবং এর সাথে আর কারা জড়িত, তাদের শনাক্তে তদন্ত চলছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। খুলনাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
স্থানীয়রা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তাদের দাবি, বয়রা বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই মাদক পাচারের ঘটনা ঘটে। পুলিশের এমন তৎপরতা এলাকার নিরাপত্তা বাড়াবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার