খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ.
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামে রিংকু সরদার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৩ জুলাই সকালে স্বামীর বসতবাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিংকু ওই গ্রামের নিবারণ সরদারের স্ত্রী। তাদের ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৬টার দিকে শাশুড়ি গোয়ালঘরে গেলে রিংকুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে প্রতিবেশীরা এসে মরদেহ নামান। স্থানীয় এক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের চাচা নিতিশ চন্দ্র সরকার অভিযোগ করেছেন, বিয়ের পর থেকে রিংকুর উপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতো। মাসখানেক আগে অভিমান করে তিনি বাবার বাড়ি চলে গিয়েছিলেন। ১৫ দিন আগে স্বামী তাকে ফিরিয়ে আনে। তার দাবি, রিংকুকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দা নভোতোষ মণ্ডল জানান, দম্পতির মধ্যে দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল।ঘটনার পর থেকে স্বামী নিবারণ সরদারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গড়ইখালী বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার