গাজীপুরে শাপলা বিলে ডিঙি উল্টে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু।
গাজীপুরঃ প্রতিনিধি আল- আমিন।
গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে ডিঙি উল্টে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের নুর আলমের ছেলে মাহিন (১৬) ও তার বন্ধু বায়েজিদ (৩৫)।
প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে বিল এলাকায় যান। সেখানে তারা একটি ডিঙি নৌকা ভাড়া করে পানিতে নামেন। একপর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুইজন পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করে। পরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহিনের বড় ভাই মামুন জানান, ‘আমি খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরো এক জন মারা গেছেন।’এই বলে কান্নায় ভেঙে পড়েন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, ‘অন্যজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘আমি মাহিন নামের একজনের লাশ ঘটনা স্থল থেকে উদ্ধার করেছি।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই জনের মৃত্যু হয়েছে। লাশগুলো হাসপাতালে রয়েছে। লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে বায়েজিদ নামে একজনের লাশ উদ্ধার করেছি।’
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার