সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ) প্রতিনিধি:
পশ্চিমবঙ্গে কর্মরত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক টেট (TET) পরীক্ষার নির্দেশ বাতিলসহ বিভিন্ন দাবিতে কলকাতায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির সামনে টেট অ্যাফেকটেড টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি এবং প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।
সমাবেশ শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে হিন্দ সিনেমা মোড়, এস.এন. ব্যানার্জি রোড হয়ে ওয়াই-চ্যানেলে গিয়ে শেষ হয়। পরে প্রতিনিধিরা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি (ডেপুটেশন) প্রদান করেন।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টেট অ্যাফেকটেড টিচার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অশোক রুদ্র, সমীর বেরা, দিলীপ মাইতি, বাসুদেব দাসসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, কর্মরত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক টেট পরীক্ষার বিধান সরকারি শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে এবং বহু শিক্ষক চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করা শিক্ষকদের পুনরায় টেট পরীক্ষায় অংশগ্রহণের বাধ্যবাধকতা অসম্মানজনক এবং অযৌক্তিক।
সংগঠনের নেতারা জানান, সুপ্রিম কোর্টের ১ সেপ্টেম্বর ২০২৫ সালের রায়ে পাঁচ বছরের বেশি সময় ধরে কর্মরত শিক্ষকদের টেট উত্তীর্ণ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে এ নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৯টি রিভিউ পিটিশন দায়ের করা হয়। গত ১৩ মে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং ২৯ মে প্রকাশিত রায়ে ৩১ আগস্ট ২০২৮ সালের মধ্যে টেট পাস বাধ্যতামূলক করার নির্দেশ বহাল রাখা হয়।
তাদের দাবি, এই সিদ্ধান্তে দেশজুড়ে প্রায় ৩৩ লাখ এবং পশ্চিমবঙ্গে প্রায় ৯০ হাজার শিক্ষক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দীর্ঘ ২০ থেকে ২৫ বছর শিক্ষকতা করার পর পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করলে অনেকেই উত্তীর্ণ হতে পারবেন না, যার ফলে শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে।
বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাজ্য সরকার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিক্ষকদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে টেট সংক্রান্ত বিতর্কিত বিধান বাতিলের দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশে কয়েকশ শিক্ষক অংশ নিয়ে তাদের দাবি-দাওয়ার প্রতি সমর্থন জানান।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার