মো.তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে সড়কে উল্টে যায়। এতে বিপুল পরিমাণ ডিম মহাসড়কে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ডিম সংগ্রহ করতে সড়কে নেমে পড়েন। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন গুরুতর আহত হন। নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা গেছে। তারা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। অপর দুইজনের মধ্যে একজন ট্রাকচালক। ট্রাকচালক ছাড়া নিহত ও আহতদের অধিকাংশই সোয়াদী ও আশপাশ এলাকার বাসিন্দা।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার