মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে নিজের ক্রয়কৃত জমিতে পুরোনো বসতবাড়ি সংস্কার করতে গিয়ে বাধা, অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিটের চেষ্টা এবং জমি জবরদখলের হুমকির শিকার হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শ্রীমতী মালতি রানী (৩৫) তানোর থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, তানোর উপজেলার অন্তর্গত মাসিন্দা হলদারপাড়া গ্রামের শ্রী খোকন হলদারের স্ত্রী শ্রীমতী মালতি রানী তানোর সাব-রেজিস্ট্রি অফিসের ২৭/০৪/২০০৬ তারিখের ১৫৪১ নম্বর রেজিস্ট্রিকৃত দলিল মূলে প্রাপ্ত ০.০৭৫০ একর জমিতে দীর্ঘ দিন ধরে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।
সম্প্রতি দীর্ঘদিন ব্যবহারের ফলে তাঁদের পুরোনো কাঁচা মাটির বাড়িটি জরাজীর্ণ ও নষ্ট হয়ে পড়ায় সংস্কারের উদ্যোগ নেন। কিন্তু গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯:০০ ঘটিকার সময় বাড়ি সংস্কার কাজ শুরু করলে একই এলাকার মৃত সুরেন হলদারের তিন ছেলে— ১. শ্রী প্রভাত হলদার (কাটুন) (৩৬), ২. শ্রী ভাদু হলদার (৪৬) এবং ৩. শ্রী মিঠুন হলদার (৩০) বেআইনিভাবে কাজে বাধা প্রদান করেন।
ভুক্তভোগীর অভিযোগ, সংস্কার কাজে নিষেধ করায় অভিযুক্তরা তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে মারপিটের জন্য উদ্যত হন। সেই সঙ্গে তাঁরা হুমকি দিয়ে বলেন, “যে কোনো উপায়ে এই জায়গা জবরদখল করা হবে; আর কেউ যদি এই কাজে বাধা দিতে আসে তবে তার পরিণতি ভয়াবহ হবে”।
ঘটনার পর ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম ভীতি ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চালানো হলেও বিবাদীদের অনড় অবস্থানের কারণে তা ব্যর্থ হয়, যার ফলে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে শ্রীমতী মালতি রানী বলেন, “আমাদের নিজস্ব ক্রয়কৃত জমিতে আমরা দীর্ঘদিন ধরে বসবাস করছি। কিন্তু ঘরের জরাজীর্ণ অবস্থা দেখে সংস্কার করতে গেলে তাঁরা আমাদের জায়গা দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়। আমরা এখন পরিবার নিয়ে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে জানতে চাইলে তানোর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার