বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ব্যতিক্রমধর্মী ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসব বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, আনারস, লটকন, কলা, নারকেল, আখসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ফলের সমাহার নিয়ে আকর্ষণীয় স্টল সাজানো হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এসব স্টল পরিচালনা করে দেশীয় ফলের পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরে।
নান্দনিক ও সৃজনশীল এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ফল উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল এবং আঞ্জব আলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সাজন মিয়া, সঞ্জয় ধাম, অভিভাবক বিন্দু পালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে বিদ্যালয়ের শিক্ষার্থী নবরাজ দেব ও মৌমিতা দাশ মধু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। শিক্ষার্থীদের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “প্রতিটি বিদ্যালয়ে এমন ফল উৎসব আয়োজন করা হলে শিশুরা দেশীয় ফল সম্পর্কে জানতে পারবে, স্বাস্থ্য সচেতন হবে এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সক্ষম হবে।”
এ সময় তিনি উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও সৃজনশীলতাকে উপস্থিত অতিথিরা আন্তরিকভাবে প্রশংসা করেন।
প্রেরক:
বুলবুল আহমেদ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
মোবাইল: ০১৭১৬-৮৯৬৩৯৮।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার