পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কৃষক কার্ড বিতরণ করছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর ব্লকের দেড় হাজার কৃষককেও কার্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না, কোনো ধর্ম-বর্ণের ভিত্তিতেও বিচার করা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাদেরকেই এই কার্ড দেওয়া হবে। এভাবে বাংলাদেশের চার কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফ্যামিলি কার্ড ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। ইনশাল্লাহ, আগামী দুই-তিন মাসের মধ্যে সারা দেশে আরও ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহায়তা প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কাউকে বিচার করব না। যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড এবং দুটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার