নিজস্ব প্রতিবেদক মোঃ আলমগীর মোল্লা :-
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ মাদক কারবারি, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের কাপাইস গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে মো. রহমত আলী ওরফে রহমত মিস্ত্রী (৫৩) ২০০৯ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মাওনা গ্রামের নুরুল হক ওরফে নুরুর রাইস মিলে কাজ করার সময় চাতালের মালিককে হত্যা করেন।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা নং- ৫০(০৮)০৯, জি আর-৩২৯/০৯, সেশন-১০৭৯/১৩, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা হয়। ঘটনার পর থেকেই রহমত পলাতক ছিলেন। নিজেকে আড়াল করতে তিনি এনআইডির ঠিকানা পরিবর্তন করে একই উপজেলার বাহাদুরসাদী গ্রামে স্থানান্তর করেন।
পরবর্তীতে পরিচয় গোপন করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন চরকশিয়া গ্রামের হাবিবুল্লাহর মেয়ে আলপনাকে দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেন। তাদের সংসারে ২ মাস বয়সী কন্যা সন্তান তাবাছুম রয়েছে। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
কালীগঞ্জ থানা পুলিশ আদালতের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা পেয়ে আসামির অবস্থান নির্ণয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। বিশ্বস্ত সোর্সের মাধ্যমে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তথ্য-উপাত্তের ভিত্তিতে তার ঠিকানা শনাক্ত করা হয়।
বুধবার (২২ এপ্রিল) রাতে কালীগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানা শামীম, এএসআই মো. শফিকুল ইসলাম ও কনস্টেবল আশরাফুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগিতায় চরকশিয়া গ্রামের হাবিবুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে রহমত আলীকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে যাবজ্জীবন সাজার পরোয়ানা মূলে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
অন্যদিকে বুধবার (২২ এপ্রিল) বিকালে কালীগঞ্জ থানাধীন চাঁন্দেরবাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের রাজু মোড়লের ছেলে মো. রনি মোড়লকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নং- ২৭(০৭)২৫, ধারা ১৪৩/৩৪১/১৮৬/২২৪/২২৫/৩৩২/৩৫৩/৫০৬/৩৪ পেনাল কোডে গ্রেফতারি পরোয়ানা ছিল। রনি এলাকায় মাদক কারবারি, চুরি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাকেও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, "বিশ্বস্ত সোর্সের মাধ্যমে মোবাইল নম্বর সংগ্রহ করে তথ্য-উপাত্তের ভিত্তিতে ঠিকানা শনাক্ত করে পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগিতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রহমত আলীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কালীগঞ্জ থানার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রনি মোড়লকেও গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার