মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করেছে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামানের দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন সীমান্ত ক্যাম্পের সদস্যরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ জুন কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭ হাজার ৭০০ টাকা।
এর আগে ১৪ জুন দাইনুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৩৬০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন, যার সিজার মূল্য প্রায় ৫৪ হাজার টাকা।
এছাড়া ১৩ জুন মনিপুর ও খাঁনপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট সিজার মূল্য ২ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, “মাদক নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) ঠেকাতে বিজিবি ও বিজিবির নিজস্ব গোয়েন্দা সদস্যদের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির এমন ধারাবাহিক সাফল্য স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার