নিজস্ব প্রতিবেদক, মিসেস চামেলী আক্তার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজিনা কিসকু (৩০) নামে এক আদিবাসী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ঘরের টিনের দরজা খুলতে গেলে আরজিনা কিসকু বিদ্যুৎস্পৃষ্ট হন। ধারণা করা হচ্ছে, টিনের ঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি বা লুজ ওয়্যারিংয়ের কারণে বিদ্যুতের তার থেকে লিকেজ হয়ে দরজাটি বিদ্যুতায়িত হয়েছিল। দরজায় হাত দিতেই তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবী হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে আরজিনা কিসকুকে হাসপাতালে আনা হলে তিনি আগেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মৃতার স্বামী বিমল মুরমু, পিতা কবিরাজ কিসকু এবং তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে থানায় মামলা রুজু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনরা গভীর শোক ও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার