নিজস্ব প্রতিবেদক এম এইচ আর হাবিব ভান্ডারী:- নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি পাগাইরা খালের ৫ হাজার মিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার রুহানীকান্দা এলাকায় মুসলিম, হিন্দু ও খ্রিস্টান—এই তিন ধর্মাবলম্বী প্রতিনিধির সম্মিলিত অংশগ্রহণে খনন কাজের উদ্বোধন করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এ আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিনসহ ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে সৃষ্টি হতো জলাবদ্ধতা, আর শুষ্ক মৌসুমে দেখা দিত সেচ সংকট। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ সমস্যা নিরসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে খাল খনন প্রকল্পটি গ্রহণ করা হয়।
প্রকল্প অনুযায়ী, কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি থেকে শুকনাকুড়ি পূর্বদিকে গলইখালি ব্রিজসংলগ্ন কংশ নদী পর্যন্ত মোট ৫ হাজার মিটার খাল খনন করা হবে। এ প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। সংশ্লিষ্টরা জানান, খালটি খনন সম্পন্ন হলে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবেন।
স্থানীয় কৃষক শফিকুল ইসলাম বলেন, “আমরা অনেকদিন ধরে জমিতে পানি নিষ্কাশন ও সেচ সংকটে ভুগছিলাম। বর্ষাকালে পানি জমে ফসল নষ্ট হয়ে যেত। এখন খাল খনন হওয়ায় আমরা আশাবাদী—এতে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া খ্রিস্টান ধর্মাবলম্বী অঞ্জন চিসাম বলেন, “এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত। তিন ধর্মের মানুষ একসঙ্গে এই কাজের উদ্বোধন করেছি—এটি সত্যিই একটি ঐতিহাসিক ও অনন্য দৃষ্টান্ত। এতে প্রমাণ হয়, আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, “মাননীয় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এ খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। আমরা যথাযথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবো।”
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, “খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কৃষকদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।”
স্থানীয়দের প্রত্যাশা, খাল খনন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে এ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার