সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাদারীপুরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসের শুরুতে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে মাদারীপুর সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, জনসচেতনতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পল্লী উন্নয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।
আলোচনা সভায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মাদারীপুরের উপপরিচালক মো. হাবিবুর রহমান হাবিব, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, মেডিকেল অফিসার ডা. সরদার মোহাম্মদ খলিলুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির মাঠ পর্যায়ের কর্মী, উপকারভোগী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিআরডিবির মাঠ পর্যায়ে কর্মরত ছয়জন শ্রেষ্ঠ মাঠ সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে বিআরডিবির বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায় নির্বাচিত ছয়জন শ্রেষ্ঠ উপকারভোগীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার