সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত যৌথ মোবাইল কোর্টে ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসন, মাদারীপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের যৌথ উদ্যোগে সদর উপজেলার পুরাতন বিসিক এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানে রাজধানী বেকারি নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, পচা ডিম সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না রাখা, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধনের ঘাটতি, কেক তৈরিতে ব্যবহৃত রঙিন কাগজ ও ফ্লেভারের যথাযথ সনদ না থাকা, মেঝেতে খাদ্যপণ্য রাখা, রসিদ ও লেবেলবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয় সংক্রান্ত চালান প্রদর্শনে ব্যর্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়।
অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রাজধানী বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া তালহা ফুড প্রোডাক্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে সন্তোষজনক পরিবর্তন না হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা করা হবে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার