আবু নাঈম রিপন, স্টাফ রিপোর্টার:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা এবং অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত "ডিনস অ্যাওয়ার্ড-২০২৬" অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. এ. এন. এম. এহছানুল হক মিলন, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জননেতা হামিদুর রহমান হামিদ। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়নের মূল চালিকাশক্তি হলো মেধাবী তরুণ প্রজন্ম। আজ যারা ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছে, তারাই আগামী দিনে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি সমৃদ্ধ, আধুনিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। দেশের কল্যাণে নিজেদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ড. এ. এন. এম. এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। পরে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনজুর মোর্শেদ ভূঁইয়া এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিনস অ্যাওয়ার্ড শুধু শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও গবেষণামুখী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ প্রেরণা। তারা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি শিক্ষার্থীদের জ্ঞানার্জন, গবেষণা ও সামাজিক দায়িত্ববোধের ক্ষেত্রে আরও অগ্রসর হতে উৎসাহিত করবে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের কৃতি শিক্ষার্থীরা সম্মাননা গ্রহণ করেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মেধার স্বীকৃতিতে জবিতে ডিনস অ্যাওয়ার্ড, শিক্ষার্থীদের হাতে মেডেল তুলে দিলেন শিক্ষামন্ত্রী
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক: আসাদুজ্জামান লিয়ন, বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার★
ই-পেপার