নিজস্ব প্রতিবেদক মিসেস চামেলী আক্তার:-সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিনাজপুর জেলা আদালত প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক এ আয়োজনে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদানের মাধ্যমে মানবসেবার মহৎ বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচি উপস্থিত সবার মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
বক্তারা বলেন, আইনগত সহায়তার পাশাপাশি মানবতার সেবায় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এরপর জেলা ও দায়রা জজ আদালতের শহীদ সোহেল জগন্নাথ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা লিগ্যাল এইডের সিনিয়র জজ ইসরাফিল আলম। পরে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে গীতা পাঠ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিমল চন্দ্র রায়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সিনিয়র জজ ইসরাফিল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন সরকারী কৌঁসুলি মোল্লা মো: সাখাওয়াত হোসেন, পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এনাম আলী, সাধারণ সম্পাদক মো. আবু আলম, মো. মাহবুবুর রহমান, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মো. আব্দুল জব্বার, মহিলা শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী মোছা. ইয়াসমিন আক্তার, জেলা ব্র্যাক ব্যবস্থাপক মো. ফজলুল হক, উপকারভোগী সজীব ঘোষ এবং নারী উপকারভোগী সুইটি।
বক্তারা বলেন, দরিদ্র, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইড আজ ন্যায়বিচার পাওয়ার অন্যতম নির্ভরতার স্থান। সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জেলা ব্র্যাক ব্যবস্থাপক মো. ফজলুল হক জানান, ২০২৫ সালে ৫৭৪টি অভিযোগের মধ্যে ৪৭০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, যা বিচারপ্রার্থীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক অগ্রগতি।
সবশেষে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, আদালতের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে দিনাজপুরের এ আয়োজন ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবসেবা ও আইনের শাসন সুদৃঢ় করার প্রত্যয়ে নতুন আশার বার্তা ছড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318/ ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি★01715-672097 ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:- মো: আকাববর হোসাইন রবীন, বিজ্ঞাপন সম্পাদিকা মিসেস চামেলী আক্তার★
ই-পেপার