মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে নাটোরের সিংড়ায় যুবদলের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এতে যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক।
সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. শামীম হোসেন ভিপি, উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ মালেক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ আল মমিন।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সিংড়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে।
বক্তারা আরও বলেন, শান্তির সিংড়া রক্ষায় যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল★ টেলিফোন:+8809638126318, ভারপ্রাপ্ত সম্পাদক : কাজী মোস্তফা রুমি ★ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা★বার্তা সম্পাদক:-সোহেল রানা, সহ বার্তা সম্পাদিকা মিস্ রত্না আক্তার ★বিজ্ঞাপন সম্পাদিকা: মিসেস চামেলী আক্তার প্রিয়া★
ই-পেপার