
আব্দুস সামাদ,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর চলমান চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, গরু ও বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ০৪টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ব্যাটালিয়নের টহল দল। অভিযানে রামখান, দৈখাওয়া, দিঘলটারী ও বালারহাট বিওপির আওতাধীন এলাকায় টহল জোরদার করা হয়।
অভিযান চলাকালে টহল দল সন্দেহজনক কিছু ব্যক্তিকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী ২,৬৫৮ পিস, গাঁজা ৯.৬ কেজি, ০১টি মোটরসাইকেল, ইস্কাফ সিরাপ ৪৪ বোতল এবং একটি গরু জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ২০ হাজার ৬০০ টাকা। এর মধ্যে কসমেটিকসের মূল্য ৫ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা, গাঁজার মূল্য ৩৩ হাজার ৬০০ টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা, ইস্কাফ সিরাপের মূল্য ১৭ হাজার ৬০০ টাকা এবং গরুর মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত চোরাকারবারীদের শনাক্তে তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
Reporter Name 





















