
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার আওতায়াধীন ০৫-সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ০৫ নং-প্রতাভপুর গ্রামে ,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সুহেল মিয়া বাড়ির দক্ষিণ পাশে মোঃ জজ মিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেমি আক্তারের (৪) নামে এক নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসে জেমি। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। একটি ছোট্ট শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় ঝুলে থাকা বা অরক্ষিত বিদ্যুৎ লাইনের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ লাইন মেরামত ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবন দেওয়ান উজ্জ্বল 





















