
নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল:-
আসন্ন ঈদযাত্রায় ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়। এ ছাড়া তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
একই সঙ্গে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আজ থেকে ১৩ মে মঙ্গলবার এবং ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হলো ২১ মে থেকে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা গেছে,১৩ মে বিক্রি শুরু হলো ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে। অন্যদিকে ঈদ-পরবর্তী ফিরতি যাত্রার টিকিট ২১ মে থেকে বিক্রি শুরু হবে। ওই দিন বিক্রি হবে ৩১ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট বিক্রি করা হবে। ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রায় একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, জয়দেবপুর-পার্বতীপুরসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানো হবে। এ ছাড়া কোরবানির পশু পরিবহনে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে ঢাকাগামী তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালিত হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রায় টিকিট কালোবাজারি রোধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ, স্টেশনে নিরাপত্তা জোরদার এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ,র্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।
এ ছাড়া ঈদের আগে ২৩ মে থেকে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। একই সময়ে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী আন্তঃনগর ট্রেনে টিকিট বিক্রি বন্ধ থাকবে। কিছু ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতিও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জীবন দেওয়ান উজ্জ্বল 








