
মোল্লা জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: খুলনার তেরখাদায় পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।শনিবার ২৫ এপ্রিল সকালে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নুর আলম ৫৬ তেরখাদা এলাকার ইকরাম শেখের ছেলে। তিনি সাইফুল গ্রুপের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।সংঘর্ষে আহত হয়েছেন মো. হিজমুল্লাহ সোহেল রানা ৪০, নূর শেখ ৫৫, মুসা শেখ, মফিজুর রহমান ৪৫ ও আলী হুসাইন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে নুর আলম গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।স্থানীয়দের অভিযোগ, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম সমর্থিত গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষ মধুপুর ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক সাইফুল গ্রুপের ওপর হামলা চালায়। হামলায় আহাদুল ৩০, সাইফুল ৩৫, আরিফ ২৬ ও রিয়াজ ২৮ সহ ২০-২৫ জন অংশ নেয় বলে দাবি করা হয়েছে।এ বিষয়ে বিএনপির কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান,দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
Reporter Name 




















