
জামাল উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজি অটোরিকশা থেকে ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ একজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ টহল দল টেকনাফ থানার মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের তথ্যমতে, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক পাচার, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
জামাল উদ্দিন 

















