
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে বজ্রপাতে নিহত এক ব্যক্তির দাফনের পর তার কবর পাহারা দিচ্ছেন পরিবারের সদস্য ও স্বজনরা। সম্ভাব্য লাশ চুরির আশঙ্কা থেকে নেওয়া এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি বজ্রপাতে নিহত হন এনায়েতপুর গ্রামের বাসিন্দা নাজির উদ্দিন। দাফনের পর থেকেই তার ছেলে, ভাই, ভাতিজাসহ স্বজন ও স্থানীয় কয়েকজন গ্রামবাসী রাতভর পালাক্রমে কবর পাহারা দিচ্ছেন। কবরের চারপাশে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং পাহারায় থাকা ব্যক্তিদের হাতে রয়েছে লাঠিসহ প্রয়োজনীয় সরঞ্জাম।
নিহতের স্বজনরা জানান, অতীতে জেলার বিভিন্ন স্থানে কবর থেকে মরদেহ চুরির অভিযোগ শোনার পর তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি। এ কারণে মরদেহের নিরাপত্তা নিশ্চিত করতে রাত জেগে কবর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয়দের দাবি, নওগাঁর বিভিন্ন এলাকায় বজ্রপাতে কারও মৃত্যু হলে অনেক পরিবারই একই ধরনের সতর্কতা অবলম্বন করে থাকে। তাদের ভাষ্য, অতীতের কিছু ঘটনার কারণে মানুষের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছরে নওগাঁ জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার পর কয়েকটি পরিবার নিরাপত্তার কথা বিবেচনা করে কবর পাহারার ব্যবস্থা করেছে বলেও দাবি করেন স্থানীয়রা।
এ বিষয়ে সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, যদি কবর থেকে মরদেহ চুরি বা এ ধরনের কোনো অপরাধচক্র সক্রিয় থেকে থাকে, তবে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি কবরস্থানের নিরাপত্তা জোরদার এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।
তবে বজ্রপাতে নিহত ব্যক্তিদের মরদেহ চুরির বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মোঃ মমিন আলী 



















