
বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে র্যাব-৯ এর বিশেষ অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি নীল রঙের কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে।
পরে র্যাব সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং কাভার্ডভ্যানটি তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতরে নীল পলিথিন ও স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরগুনা সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মো. জালাল খলিফার ছেলে মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মাজেদুর রহমান (৪১)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা, জব্দকৃত কাভার্ডভ্যান এবং অন্যান্য আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Reporter Name 


















