
সাব্বির আহমেদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোসাঃ আছমা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে সদর মডেল থানার থানতলী এলাকার মিলের কোনা ব্রিজের দক্ষিণ ঢাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আছমা বেগমের দখল থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আছমা বেগম সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
সাব্বির আহমেদ 











