
ইসমাইল হোসেন খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দিঘলিয়ায় ২০২৫-২৬ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২ টায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি, চাষীদের দক্ষতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রদর্শনী চাষীদের মাধ্যমে উন্নত পদ্ধতির মৎস্য চাষ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, উপজেলা বন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী চাষীরা উপস্থিত ছিলেন। উপকরণ পেয়ে চাষীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এসব সহায়তা মাছ চাষে দেশী মাছ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে। অনুষ্ঠানে প্রত্যেক মাছ চাষীকে দেশী প্রজাতির ট্যাংরা ও শিং মাছের পোনা, মাছের খাবার এবং পুকুর পাড়ে রোপন করার জন্য লেবু, পেঁপে, বেগুন, ঝাল গাছের চারা বিতরণ করা হয়।
Reporter Name 



















