
জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, দিঘলিয়া,খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকার বিভিন্ন প্রধান সড়কে গরু ও ছাগল লম্বা দড়ি দিয়ে বেঁধে রাখার প্রবণতা দিন দিন বাড়ছে। উপজেলা চৌরাস্তা মোড়, হাসপাতাল চৌরাস্তা মোড়, পথের বাজার, সেনহাটি এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে এ ধরনের দৃশ্য প্রায়ই দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, মানুষের ও যানবাহনের চলাচলের পথে গরু-ছাগল বেঁধে রাখার কারণে মোটরসাইকেল, সাইকেল এবং অন্যান্য যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক সময় প্রাণীগুলোর দড়ি রাস্তার ওপর ছড়িয়ে থাকায় পথচারী ও চালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং প্রাণহানির ঝুঁকিও বাড়ছে।
সচেতন মহলের দাবি, জনসাধারণের চলাচলের প্রধান সড়কে এভাবে গবাদিপশু বেঁধে রাখা দায়িত্বহীনতার পরিচয় এবং এটি জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যারা প্রধান সড়কে গরু-ছাগল বেঁধে রেখে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে প্রধান সড়কগুলো নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখা সম্ভব হয়।
Reporter Name 










