
মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ৯ জন ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
বুধবার (২৪ জুন) সকালে নওগাঁ-১৬ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৪৪/এমপি এলাকায় ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। ফলে পুশইনের শিকার ওই ব্যক্তিরা বর্তমানে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।”
উল্লেখ্য, এর আগে গত ৫ জুন ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে আরও ৪০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। সে সময় বিজিবি ও স্থানীয় জনসাধারণের সতর্ক অবস্থানের কারণে তাদেরকে ফেরত নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
Reporter Name 










