
পাইকগাছা মেইন রোডের হিরো শোরুমের বিপরীতে রাস্তার পাশে এক পাগলি মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। হঠাৎ এমন ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা ও পথচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা ও শিশুটি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন— মা ও শিশুটি সুস্থ এবং নিরাপদে আছে।
তবে প্রশ্ন জাগছে, এই নিষ্পাপ শিশুটির ভবিষ্যৎ কোথায়? তার বাবার পরিচয় অজানা। বড় হয়ে সে কাকে বাবা বলে ডাকবে? সমাজ কি তাকে গ্রহণ করবে, নাকি আঙুল তুলবে? শিশুটির কোনো দোষ নেই, অপরাধ নেই— তবুও সমাজ তাকে নানা প্রশ্নে জর্জরিত করবে।
স্থানীয়রা বলছেন, এ ধরনের অসহায় নবজাতকের দায়ভার সমাজকেই নিতে হবে। কারণ পশুর মতো কিছু পুরুষের কারণে আজ এই শিশু বাবাহীন জন্ম নিলো। সমাজ যদি দায়িত্ব না নেয় তবে এই শিশুটি বড় হয়ে কেবল কষ্ট আর লজ্জার বোঝা বয়ে বেড়াবে।
মানবিক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান— যেন এই অসহায় নবজাতকের ভবিষ্যৎ নিরাপদ করা হয়। শিশুটি সুস্থ-সবলভাবে বেড়ে উঠুক, সমাজের বোঝা নয় বরং সম্পদ হোক— এটিই সবার প্রত্যাশা।
নিজস্ব প্রতিবেদকঃ 


















