
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সির নেতৃত্বে একটি বিশেষ টহল দল ধামইরহাট উপজেলার হযরতপুর গ্রামের ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৫৬ এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— মোঃ শরীফ হোসেন (২৯), পিতা: মোঃ নজরুল ইসলাম, গ্রাম: কাষ্টবৈ ভাঙ্গাপাড়া এবং মোঃ মোর্শেদুল ইসলাম (১৮), পিতা: মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম: শিহাড়া, পোস্ট: শিহাড়া বাজার, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পত্নীতলা বিজিবি।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মোঃ আঃ মমিন 




















