
খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়নে ৯ কৃষকের প্রায় ১৪ বিঘা জমির ফসল বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভুট্টা, বেগুন ও মরিচ চাষীদের প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাতে ইউনিয়নের আরাদি শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
ভুক্তভোগী কৃষকরা জানান, তারা গ্রামীণ ব্যাংক ও আশা এনজিও থেকে ঋণ নিয়ে এই আবাদ করেছিলেন। ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণের কিস্তি কীভাবে শোধ করবেন, তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। গত শুক্রবার রাতে দা-লাঠি, ছুরি নিয়ে ভুট্টা, মরিচ, পাটসহ ফসলে জঙ্গল মারা বিষ দেয় ওই এলাকার তরিকুলসহ তাদের বংশের লোকজন। মুহূর্তেই তারা স্প্রে করে চলে যায়। তবে স্থানীয়রা তাদের অস্ত্রের ভয় সামনে যেতে পারেনি।
ক্ষতিগ্রস্ত কৃষাণী সুমি আক্তার বলেন, অনেক আশা নিয়ে ভুট্টা চাষ করেছিলাম। শনিবার সকালে গিয়ে দেখি সব পুড়ে শেষ। রাতে তরিকুল ও তাদের লোকজন জঙ্গল মারা বিষ স্প্রে করে দিয়েছে। আমরা লোন নিয়ে এই আবাদ করেছি, এখন লোন শোধ করার কোনো পথ নেই।
আরেক কৃষক শহিদুল ইসলাম জানান, তার এক বিঘা জমির ভুট্টা রাতের আঁধারে বিষ দিয়ে ঝলসে দেয়া হয়েছে। সকালে জমিতে গিয়ে দেখেন সবুজ গাছগুলো পুড়ে ছারখার হয়ে আছে। এর আগেও তরিকুল ও তাদের পরিবারের লোকজন এভাবে ফসলের ক্ষয়ক্ষতি করে। আমরা কোনো বিচার পাইনি।
তবে সব অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম বলেন, তারা যে জমিগুলো নিজেদের বলছে তা আমাদের। আর তারাই এসব করে আমাদের নাম দিচ্ছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান আছে।
এব্যাপাররে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেয়েল রানা বলেন, অভিযোগ পেয়েছি। জমি নিয়ে তাদের মামলা চলমান রয়েছে। ফসলি জমিতে কারা বিষ প্রয়োগ করেছে যাচাই-বাছাই করে জড়িততের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
Reporter Name 




















