
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিস্তীর্ণ এলাকায় আগামী শনিবার (২০ জুন) প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ৩৩ কেভি লাইনের হেলে পড়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি (পোল) সোজা করার কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
কোনাবাড়ী জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৩৩ কেভি এল-১ ও এল-১৪ ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ এবং লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় কোনাবাড়ী, কোনাবাড়ী বাজার, বাইমাইল, কুদ্দুস নগর, জরুনের আংশিক এলাকা, কাদের মার্কেট, পেয়ারা বাগান, নওয়াব আলী মার্কেট, কোনাবাড়ী বিসিক, নামাপাড়া, রাজাবাড়ী, চেয়ারম্যান বাড়ী, হাউজিং, পারিজাত, হরিনাচালা, সেলিম নগর, কাশিমপুর রোড, কোনাবাড়ী থানা এলাকা, পুকুরপাড়, আমবাগ, নছের মার্কেট, মেঘলাল, কালেরভিটা, প্রতাপপুর, জয়েরটেক, মিতালী ক্লাব, আমবাগ পশ্চিমপাড়া, বাঘিয়া, বরাবোসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এ বিষয়ে কোনাবাড়ী জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. আলী হাসান খান বলেন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো মেরামতের স্বার্থে সাময়িক এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা প্রয়োজন। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও শিল্প-কারখানা মালিকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।
Reporter Name 










