
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে সম্প্রতি একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরপাড়া জামে মসজিদে সংঘটিত চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালা ভেঙে চারটি আলমারির তালা কেটে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
রবিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এসে শিক্ষকরা চুরির বিষয়টি জানতে পারেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন ও অন্যান্য শিক্ষকরা জানান, অফিস কক্ষের মেঝেতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রজেক্টর, কম্পিউটার, কিবোর্ড, মাউস, ওজন মাপার যন্ত্র, ক্ষুদে ডাক্তার ড্রেস, স্টুডেন্ট কাউন্সিলের পোশাকসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী চুরি করে নিয়ে গেছে।
ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং শিবপুর মডেল থানাকে বিষয়টি অবহিত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে একই এলাকায় অবস্থিত দুলালপুর মোড় সংলগ্ন চরপাড়া জামে মসজিদেও চুরির ঘটনা ঘটেছে। মসজিদ কর্তৃপক্ষের অভিযোগ, দুর্বৃত্তরা মসজিদের ৮টি বৈদ্যুতিক ফ্যান এবং একটি পানির পাম্প মেশিন চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী, গড়বাড়ি, খালপাড়, কাদিরচর, দরগাবন্দ ও শিমুলতলাসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন বেড়ে চলেছে। তাদের অনেকেই মাদকাসক্ত এবং ইয়াবাসহ বিভিন্ন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। ফলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
এলাকাবাসী দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন, অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এতে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বাড়বে এবং জনজীবনে বিরূপ প্রভাব পড়বে।
স্থানীয় সচেতন মহল দুলালপুর ইউনিয়নে চুরি ও কিশোর অপরাধ দমনে পুলিশি টহল বৃদ্ধি, নিয়মিত নজরদারি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আবু নাঈম রিপন 




















