
নিজস্ব প্রতিবেদক:-মোঃ শাফায়েত হোসাইন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোহাম্মদপুরের ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুম আহমদ রাজেশ খান তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তিনি দাবি করেন, “CRIME NEWS MOHAMMADPUR” নামে একটি ফেসবুক আইডি/পেজ থেকে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে অ্যাডভোকেট রাজেশ খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “আমি যদি কোনো ধরনের অপরাধ, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং পরিচালনা, প্লট দখল কিংবা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অনুসন্ধানী সাংবাদিকরা নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করুন। আমি সব ধরনের তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি আরও অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির চেষ্টা করছে। তার ভাষায়, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে মিথ্যা তথ্য প্রচার করে একজন মানুষের সুনাম ক্ষুণ্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অ্যাডভোকেট রাজেশ খান জানান, তিনি সাইবার আইনের আওতায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি “CRIME NEWS MOHAMMADPUR” ফেসবুক আইডি/পেজটি কারা পরিচালনা করছে, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, তার পরিবার বহু প্রজন্ম ধরে মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় বসবাস করছে এবং এলাকার মানুষ তাকে ও তার পরিবারকে ভালোভাবেই চেনে। তার দাবি, তিনি কখনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি কারও কাছে কোনো সুনির্দিষ্ট ও প্রমাণযোগ্য অভিযোগ থাকে, তাহলে তা প্রকাশ করা হোক। আমি নিজেই উপস্থিত হয়ে তার জবাব দিতে প্রস্তুত। আমি অন্যায় করি না এবং অন্যায়কে কখনো প্রশ্রয়ও দিই না।”
অ্যাডভোকেট রাজেশ খানের দাবি, এলাকায় বিভিন্ন সময় অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি অসাধু চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।”
উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অ্যাডভোকেট মাসুম আহমদ রাজেশ খানের বক্তব্য ও দাবির ভিত্তিতে প্রকাশিত হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডি/পেজ পরিচালনাকারীদের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।
মোঃ শাফায়েত 













