
মোঃ হুমায়ুন কবির জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম এবং ত্রিশাল থানার নবনিযুক্ত ওসি মনসুর আহম্মদ। দায়িত্বশীলতা,কৌশল ও নিরলস পরিশ্রমের মাধ্যমে দুই থানাতেই ইতিবাচক পরিবর্তনের চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, এই দুই ওসি দায়িত্ব নেওয়ার পর মাদককারবারি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ময়মনসিংহ নগরীর বাসিন্দা এক শিক্ষিকা আসমা বলেন, “ওসি শিবিরুল ইসলাম যোগদানের পর নগরীর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এখন আগের তুলনায় আমরা অনেক বেশি নিরাপদ বোধ করি।”
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম নিয়মিত রাতভর অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, চোর, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেফতার করছেন।
তার এ তৎপরতা ইতোমধ্যে নগরজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদার করায় অপরাধ প্রবণতা কমে এসেছে বলে জানিয়েছেন সচেতন নাগরিকরা।
তিনি বলেন, “ডিআইজি জনাব আতাউল কিবরিয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্যারের নির্দেশনায় আমরা আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছি। ময়মনসিংহ নগরীর মানুষ যাতে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। অন্যায়কারী ও চাঁদাবাজদের জন্য কোতোয়ালী থানাধীন কোনো স্থান হবে না। প্রয়োজনে তাদের ঘুম হারাম করে দেওয়া হবে।”
অন্যদিকে, ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মদ দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখছেন। এর আগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় কর্মরত থাকাকালে তিনি মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই ও ডাকাতি দমন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে সফলতার পরিচয় দেন।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি নেতা আজিজুল ইসলাম বলেন, “ওসি মনসুর আহম্মদ অত্যন্ত মেধাবী ও দক্ষ কর্মকর্তা। তার সময়ে দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছিল। ত্রিশালেও তিনি সফল হবেন বলে আশা করছি।”
ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিন সরকার বলেন, “তিনি একজন পরিশ্রমী ও কৌশলী কর্মকর্তা। তার নেতৃত্বে ত্রিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আমাদের বিশ্বাস।”
ওসি মনসুর আহম্মদ বলেন, “এর আগে ত্রিশালে দায়িত্ব পালনকালে এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, রাজনৈতিক মামলার আসামি আটক এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতি নিয়ন্ত্রণে কাজ করেছি। এবারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “ত্রিশালের মানুষ শান্তিপ্রিয়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারবো। অপরাধ দমনে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি।”
সংশ্লিষ্টদের মতে, দুই থানার ওসির আন্তরিকতা, কঠোর অবস্থান ও কার্যকর পদক্ষেপের ফলে ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। প্রশাসনের এমন ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে নগরবাসীর নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মোঃ হুমায়ুন কবির 


















