
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:-
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৩টার দিকে টেকনাফ থানাধীন সিকদার পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গুলি এবং ৩টি দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. রাসেল (৩৬), ওরফে ‘ডন রাসেল’। তিনি টেকনাফ উপজেলার সিকদার পাড়ার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক রাসেল দীর্ঘদিন ধরে মাদক, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
কোস্ট গার্ড আরও জানায়, তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে। এর আগে একাধিকবার ইয়াবাসহ টেকনাফ থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।
জব্দকৃত অস্ত্র ও আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জামাল উদ্দিন 




















