
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল ইসলাম (সাইফুল্লাহ) (২২) নামের এক ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতিকে প্রকাশ্য দিনদুপুরে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টার দিকে বোনারপাড়া চৌরাস্তা (চারমাথা) মোড়ে এই হামলার ঘটনা ঘটে। নিহত সাইফুল বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক শিবির কর্মী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাঘাটা উপজেলা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথা কাটাকাটি হয়। সে সময় স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি সাময়িকভাবে মীমাংসা হয় এবং সবাই উপজেলা চত্বর থেকে চলে যান।
এর মাত্র ১০ মিনিট পর, বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন চৌমাথায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও কর্মী সালাউদ্দিন দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ উঠেছে, পূর্ব পরিকল্পিতভাবে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুল ও জব্বারসহ ১০-১৩ জন ধারালো চাকু নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে শিবির কর্মী সালাউদ্দিনের গলায় আঘাত করে। এ সময় ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল ইসলাম এগিয়ে আসলে তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার ওপর ফেলে গলায় ও শরীরে উপুর্যপুরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান (মাহবুব আলম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাউয়ুম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং অপরাধীদের আটকে অভিযান অব্যাহত আছে। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Reporter Name 




















