
মিসেস ফাহিম আক্তার, নিজস্ব সংবাদদাতা: নরসিংদীর মনোহরদী উপজেলায় ওযু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) মাগরিবের সময় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দান্দি এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন— কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাদলের ছেলে জহিরুল ইসলাম (১২), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১০) এবং একই এলাকার আবু জাফর (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পূর্বে মাদ্রাসা প্রাঙ্গণে ওযু করার সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদউদ্দিন মাসউদ এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা উল্লেখ করে বলেন, “নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
এ হৃদয়বিদারক ঘটনায় মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীদের সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মিসেস ফাহিম আক্তার 




















