
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে একটি কম্পিউটার ও স্টেশনারি দোকানের মালিক কামাল হোসেনের (২৮) বিরুদ্ধে এক তরুণীকে (১৮) শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর বাবা ও অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য বাদী হয়ে পোরশা থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ওই তরুণী তার স্বামী রেজুয়ানুল কবির বাঁধনের সাথে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের জন্য নিতপুর ইউপি রোডে অবস্থিত ‘কামাল কম্পিউটার অ্যান্ড স্টেশনারি’ দোকানে যান।
অভিযোগ সূত্রে জানা যায়, আবেদন প্রক্রিয়ার এক পর্যায়ে দোকানের মালিক কামাল হোসেন ছবি তোলা ও উচ্চতা মাপার কথা বলে ওই তরুণীকে দোকানের ভেতরের পর্দার আড়ালে নিয়ে যান। একই সময়ে তরুণীর স্বামীকে রক্তের গ্রুপের রিপোর্ট আনার জন্য পাশের ‘সততা ক্লিনিক’-এ পাঠান কামাল। দোকানে আর কোনো লোক না থাকার সুযোগে কামাল হোসেন ওই তরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। তরুণীটি চিৎকার করার চেষ্টা করলে আসামি তার মুখ চেপে ধরেন এবং জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালান।পরবর্তীতে তরুণীর স্বামী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে অভিযুক্ত কামাল হোসেন দোকান থেকে দৌড়ে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই আসামি কামাল হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
Reporter Name 

















