
নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল
রাজধানীর আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়ে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, একজন সাধারণ পুলিশ কর্মকর্তা হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সম্মাননা ও মূল্যায়ন পাওয়া তার কর্মজীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।
ওসি জাহিদুল ইসলাম বলেন, “আমি কখনো কল্পনাও করিনি যে, একজন ওসি হিসেবে রাষ্ট্রের প্রধানের কাছ থেকে এভাবে মূল্যায়ন পাব। এই সম্মান আমার দায়িত্ব ও কর্তব্যবোধকে আরও অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমি প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তার প্রধান দায়িত্ব। দেশের মানুষের কল্যাণে তিনি সব সময় নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে কাজ করে যাবেন।
ওসি জাহিদুল ইসলাম বলেন, “আমরা সবাই মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল দায়িত্ব। আমি যে থানাতেই দায়িত্ব পালন করি না কেন, পুলিশের এই পোশাকের মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব এবং কখনোই দায়িত্বের সঙ্গে আপস করব না।”
তিনি জানান, গত ১৬ জুন ২০২৬ তারিখে আদাবর থানা এলাকা ও তুরাগ হাউজিংয়ের ডেল্টা গার্মেন্টস সংলগ্ন একটি পরিত্যক্ত প্লটে অভিযান পরিচালনার সময় একদল ছিনতাইকারীর হামলার শিকার হন। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর আঘাত করলে তিনি আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওসি জাহিদ বলেন, “পুলিশ জীবনে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছি এবং অসংখ্য অপরাধীর মুখোমুখি হয়েছি। কিন্তু এবারই প্রথম সন্ত্রাসীদের সরাসরি হামলার শিকার হলাম, যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।”
তিনি বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সকল ধরনের সামাজিক অপরাধ নির্মূলে জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান তিনি।
শেষে তিনি প্রধানমন্ত্রী এবং দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দেশ আমাদের সবার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এ দেশেই বেড়ে উঠবে। তাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাপ্ত এই সম্মান ও শুভেচ্ছা বার্তা তার কর্মস্পৃহা ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন আদাবর থানার এই কর্মকর্তা।
জীবন দেওয়ান উজ্জ্বল 























