
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক সুবল চক্রবর্ত্তীর পারিবারিক মন্দিরে চুরির ৬ দিন পর ভাঙ্গারীর দোকান থেকে চুরি হওয়া পূজার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিউল ফকির (৩১) নামের এক চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোর রবিউল ফকির উপজেলার উত্তর হিরণ গ্রামের সিরাজ ফকিরের ছেলে।
আজ দুপুরে চোর রবিউল ফকিরের তথ্যমতে উপজেলার মধ্য মাঝবাড়ি ও কয়খা এলাকার দুটি ভাঙ্গারীর দোকান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
জানাগেছে, গত (২৯ জুন) রাতে উপজেলার হিরণ গ্রামে সাংবাদিক সুবল চক্রবর্তীর পারিবারিক মন্দিরের তালা ভেঙ্গে পিতলের দূর্গা, কালি, গণেশ ও বিষ্ণু মুর্তিসহ পূজায় ব্যবহৃত কাসা, পিতল ও তামার সরঞ্জামাদি চুরি হয়।
এ ঘটনায় সাংবাদিক সুবল চক্রবর্তী অজ্ঞাতনামা আসামী দেখিয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ করেন। কোটালীপাড়া থানার এসআই আলামিন সরদার গোপন সংবাদের ভিত্তিতে চোর রবিউল ফকিরকে আটক করলে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। উপজেলার মধ্য মাঝবাড়ি গ্রামের মনির হোসেন ও কয়খা এলাকার রাজীব গাজীর ভাঙ্গারীর দোকান থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করেন।
কোটালীপাড়া থানার এসআই আলামিন সরদার বলেন, মন্দিরের পূজার মালামাল চুরির বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। এ ঘটনায় সন্দেহজনকভাবে হিরণ গ্রামের রবিউল ফকিরকে আটক করি এবং তার দেওয়া তথ্যেমতে চুরি হওয়া পূজার সামগ্রী দুটি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হবে।
শেখ কামরুজ্জামান (রানা ) 




















