
মোল্লা জাহাঙ্গীর আলম: মানুষ কতটা নিচে নামতে পারে? খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া এলাকায় ৯ বছরের এক শিশুকে আম বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্যানচালক আব্দুল বারেক ৫৮-কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও তথ্য সূত্রে জানা গেছে, শনিবার ২৭ জুন দুপুর আনুমানিক ১টায় উপজেলার গোয়ালপাড়ার একটি আম বাগানে শিশুটিকে নিয়ে যায় ভ্যানচালক আব্দুল বারেক। সেখানেই সে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ।
শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। হাতেনাতে ধরা পড়ে আব্দুল বারেক। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আব্দুল বারেককে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুটি দিঘলিয়ার সেনহাটি ৮নং ওয়ার্ড মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পরপরই শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
দিঘলিয়া থানার ওসি বলেন, “শিশুটি এখন নিরাপদে আছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৯ বছরের এক শিশুর ওপর এমন নৃশংসতার চেষ্টায় ক্ষোভে ফুঁসছে গোয়ালপাড়াবাসী। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন, আব্দুল বারেকের বিরুদ্ধে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কোনো নরপশু এমন সাহস না পায়।
এলাকার এক অভিভাবক বলেন, “বাচ্চাদের এখন ঘর থেকেও বের করা যায় না। ৫৮ বছরের বুড়ো লোকটার মনুষ্যত্ব কোথায় গেল? এর ফাঁসি চাই।
ঘটনার পর থেকে দিঘলিয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, তদন্ত চলমান। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে আব্দুল বারেককে।
Reporter Name 




















