
গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ লেন বন্ধ করে ময়লার ভাগাড়, পৌরসভার নীরবতায় জনমনে প্রশ্ন
বিশেষ প্রতিনিধি : মো. রাসেল প্রধানিয়া
গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন লেনে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ ময়লার ভাগাড়। সড়কের পাশের গুরুত্বপূর্ণ লেনটি ময়লায় ভরে যাওয়ায় কার্যত যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন চালকরা।
সরেজমিনে দেখা যায়, লেনজুড়ে ফেলা হয়েছে গৃহস্থালি বর্জ্য, পলিথিন, পচা খাবার ও বিভিন্ন ধরনের আবর্জনা। দুর্গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছে। ময়লার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, এলাকাটি পৌরসভার আওতাধীন হলেও দীর্ঘদিন ধরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নিয়মিত ময়লা অপসারণ ও পরিচ্ছন্নতার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা ও রোগবালাই ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ময়লা অপসারণ, লেনটি যান চলাচলের উপযোগী করা এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন।
নিজস্ব সংবাদদাতা 















