
নিজস্ব প্রতিনিধি:কামরুল তানিয়া
দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফে চলমান অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ধরনের অপরাধ বন্ধের দাবিতে আমরণ অনশনে বসা সাইফুল ইসলাম জিহাদের পাশে দাঁড়িয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
অনশনস্থলে গিয়ে এমপি শাহজাহান চৌধুরী সাইফুলের সঙ্গে কথা বলেন এবং তার উত্থাপিত দাবিগুলোর প্রতি নীতিগত সমর্থন জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এমপির আশ্বাসের পর সাইফুল ইসলাম জিহাদ তার আমরণ অনশন প্রত্যাহার করেন।
এ সময় এমপি শাহজাহান চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন উখিয়ার কৃতী সন্তান ও ঢাকা নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব।
সাইফুলের দাবির সঙ্গে শুরু থেকেই সংহতি প্রকাশ করেন টেকনাফের মেয়ে চৈতী। একই দাবিতে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানববন্ধন কর্মসূচি পালন করেন। ডুসাটের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা টেকনাফে অপহরণ প্রবণতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, এমপি শাহজাহান চৌধুরী তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপহরণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন।
টেকনাফবাসীর দাবি, অপহরণ ও নিরাপত্তাহীনতার আতঙ্ক থেকে মুক্ত একটি জনপদ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে প্রিয়জন হারানোর শঙ্কায় দিন কাটাতে না হয়।
কামরুল তানিয়া 








