
মোল্লা জাহাঙ্গীর আলম :
গুলিবিদ্ধ হয়ে খুলনা নগরীতে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ইসমাইল (৩২)। তিনি নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ইসমাইল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল এলাকায় একাধিক মামলার আসামি ছিলেন। মাদক ব্যবসা ও অস্ত্রধারী হিসেবে তার কুখ্যাতি ছিল। তার বিরুদ্ধে হত্যা, পুলিশ অ্যাসল্টসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Reporter Name 

















