
মোঃ ওসমান গনি -শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুর ইনসাইট: শেরপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে পৌরসভা হলরুমে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও স্টেকহোল্ডারদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় এ বাজেট ঘোষণা করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
ঘোষিত বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা।
এছাড়া এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি (IUGIP), সিআরডিপি (CRDP) ও মূলধন খাতসহ বিভিন্ন উৎস থেকে মোট আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা। এসব খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আধুনিক পৌর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি পৌরবাসীর সহযোগিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ উসমান গনি 

















