
স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা
ঢাকা মহানগর পুলিশের আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিরল সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননাপদক গ্রহণ করেছেন। এ সম্মাননা অর্জনে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, একজন পুলিশ সদস্য কখনো পুরস্কার বা পদকের আশায় দায়িত্ব পালন করেন না। তবে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কাজের স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে গর্ব ও আনন্দের বিষয়।
ওসি জাহিদুল ইসলাম বলেন, “এই ধরনের স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। এটি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিক ও সাহসিকতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।”
তিনি সম্মাননা প্রদানের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে তাকে নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।
দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে ওসি জাহিদুল ইসলাম বলেন, বহু অপরাধী গ্রেপ্তার অভিযানে অংশ নিলেও সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালনকালে হামলার শিকার হওয়ার ঘটনা ছিল ভিন্ন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। এরপরও তিনি পিছু হটেননি এবং অপরাধ দমনে কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তিনি জানান, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
ওসি জাহিদুল ইসলাম আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেব না। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো আপসের সুযোগ নেই।”
তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দিকনির্দেশনা এবং তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)-এর নেতৃত্বে মোহাম্মদপুর-আদাবর এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জীবন দেওয়ান উজ্জ্বল 

















